Search This Blog

পাপী


থাকতো যদি পাখা আমার - আমি হতাম পাখি,

কেবল আছে দু'খানি পা- তাই বুঝি আমি পাপী।


মন আছে বলেই আমি কক্ষনো নই মানুষ।

হাতের ব্যবহার আমায় করছে বেহুশ।


আমায় নিয়ে হাজার কথা- নিত্য সেথায় মাথা ব্যথা।

করছি কতো ইচ্ছে মতোন; পাগলামোয় জা- তা।


তার চেয়ে বেশ হতো ভালো- ধূলো মাখা মেঠো পথ,

ছুটতো না, হানাহানি- বিদ্বেষ আর খুনোখুনির রথ।

ইউথোনেশিয়া



আমি মরে যেতে চাই কোন এক বিষণ্ণ বিকেলে,
আমি মরে যেতে চাই এক্ষুনি- এই আকালে।
মরে যেতে চাই কোন এক নির্জন দুপুরে
ছায়া ঘেরা, গভীর অতল শান বাঁধানো পুকুরে।
মরে যেতে চাই – কেউ জানবে না-
অন্ত্যুস্টিক্রিয়াহীন- কেউ কাঁদবে না।
কোন বিরাম চিহ্ন নয়- নয় কোন উত্তরাধিকার-
নেবো না কিছুই- থাকবে না জমা-খরচ – হবে না পারাপার।
সকল বোঝা, সকল দায়ভার নামিয়ে দেবো তৎখনাৎ-

মরে যেতে চাই হাসতে- খেলতে-চলতে হটাৎ। 

বিক্ষিপ্ত মন

মাথাটা ভোঁ ভোঁ করছে। তারচেয়ে বেশি বিক্ষিপ্ত মনটা- অস্থিরও বলা যায়। কোন কিছুতে মন বসছে না। কোন কিছুতেই না। হারিয়ে যাচ্ছি, কিংবা তলিয়ে যাচ্ছি। সবকিছুর চাপে। হাঁসফাঁস করছে-

আমি আমাকেই চিনতে পারছি না।
খুঁজে ফিরি নিজেকে এক নিজের সাজানো জনারণ্যে।
পাশে সবাই আছে, কিন্তু মনে হচ্ছে আমি একা-  একলা বনবাসে।
সীতাও নেই, নেই লক্ষ্মণ কিংবা গরুড় পাখি-
হনুমান তো কবেই নিজেই রাম বনে গেছে ভক্তির আদিখ্যেতায়।
চারপাশে সবাইকে রাম মনে হয়- আর আমি রাবণ।



খারাপ সম্পর্ক ভাল সম্পর্ক

প্রশ্নঃ একজন মানুষের সাথে আর একজন মানুষের দীর্ঘ দিনের সম্পর্ক কেন একটি ছোট কথা বা ঘটনার মাধ্যমে নষ্ট হয়?

উত্তরঃ প্রত্যেকটি সম্পর্কের সাথে সাথে সমান্তরাল এবং উলম্বিক ভাবে দুটি বিষয় যুক্ত থাকে। যথাঃ      ক) ভাল ঘটনা/কথা
     খ) খারাপ ঘটনা/কথা।
সম্পর্কের ধরণ এই দুটি বিষয়কে দুই ভাগে চিহ্নিত করে।একটিকে প্রচ্ছন্ন এবং বিপরীত টিকে প্রকট। ভাল সম্পর্কের ক্ষেত্রে ভাল ঘটনা/কথাকে প্রকট হিসেবে চিহ্নিত করে এবং বিপরীতে খারাপ ঘটনা/ কথাকে প্রচ্ছন্ন হিসেবে চিহ্নিত করে।
খারাপ সম্পর্কের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে থাকে।


কিন্তু দুটি ঘটনার গুরুত্ব কিংবা প্রভাব হয়তো একই। কিন্তু প্রচ্ছন্ন ঘটনা গুলো জমতে থাকে এবং প্রকট গুলো প্রকাশ পেতে থাকে- হারাতে থাকে (প্রকাশ পেতে পেতে সেটি বিলীন হয়ে যেতে পারে। মানে আমাদের কাছে সেগুলো স্বাভাবিক হিসেবে উপস্থাপন হয়।)

এইভাবে চলতে চলতে  একটি কথা বা ঘটনা হাজারো পুঞ্জিভূত খারাপ ঘটনা/ কথা বিগ ব্যাং এর মতো বিস্ফোরিত করে দেয়। ফলশ্রুতিতে দীর্ঘদিনের ভাল সম্পর্কের ইতি ঘটে একটি খুবই আপাত সাধারণ ঘটনা বা কথার মাধ্যমে।

আবার সব ঘটনা/কথা কিন্তু এই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় না। কিংবা কখন এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো বিস্ফোরিত হবে সেটি নির্ধারণ করে দেয় পরিবেশ এবং পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা সমূহ।

অপরদিকে একটি ঘটনা বা কথা বিস্ফোরিত হবে কিনা সেটি নির্ধারিত হয় ঐ নির্দিষ্ট ঘটনা বা কথাকে ঐ দুজন মানুষ কে কি ভাবে গুরুত্ব দিল তার উপর।

বিস্ফোরিত সম্পর্ক খারাপ হবে কি না কিংবা আবার ভাল সম্পর্কে ফিরে আসবে কীনা সেটি নির্ভর করে কোন একজন বা উভয়ই ঐ একটি কথা কিংবা ঘটনাকে কিভাবে জিইয়ে রাখছে-তার উপর।
যদি একজনও ঐ আপাত তুচ্ছ ঘটনা বা কথাকে তেল দিয়ে চকচকে করতে থাকে তাহলে আর ফিরে আসবে না- নতুন সম্পর্কে মোড় নিবে?

-ঝড়ের পাখি   

জানুয়ারি, ২০১৫

তোমার চোখে আমি





















ভেবে দেখ আমার ছাড়া তুমি ভীষণ অচল!
না পাও ভালবাসা, না পাও বল।
কে তোমাকে জ্বালাবে বল? চুল ধরে টান,
হটাৎ করে চেঁচিয়ে উঠে চমকে দেবে প্রাণ।
আমি তোমার টিউব লাইট, ভোলা, বোকা, হাদারাম;
ভাইবা দেখো করে দেই তোমার হাজারো কাম।

ঝড়ের পাখি
০৩-০১-১৪

আপেক্ষিক

বন্ধু হয়তো আমার কষ্ট তোমার কাছে তেমন বড় কষ্ট নয়;
কিংবা ধরো কষ্ট গুলো তোমার কাছে স্পষ্ট নয়।
কিংবা আমি সেল করি না, দেই না তেল নিত্য।
কষ্ট আমি লুকিয়ে রাখি, আমি কষ্টের ভৃত্য।
তাইতো তোমার কষ্ট গুলো সবার কাছে দৃশ্যমান।
আমার গুলো ধুলা পড়া, চুপসে যাওয়া- মৃয়মান।
তোমার যেমন কষ্ট আছে, আমার কষ্টও কম নয়,
কষ্টে আমি ক্লান্ত ভীষণ, কষ্ট বুকে বহমান।

সম্পর্ক-কানা

আমি সত্যি বড়ই ক্লান্ত। ঘর- বাহির সামলাইতে সামলাইতে। ভাল হওয়ার এক ব্যর্থ চেষ্টায় প্রতিদিন হয়ে যাচ্ছি খারাপ। কারো না কারো কাছে।
ভাল ছেলে, ভাল ছাত্র, ভাল মানুষ, ভাল বন্ধু, ভাল কর্মী, ভাল সন্তান, ভাল স্বামী হতে গিয়ে আমি আজ বড়ই ক্লান্ত।

খুব খারাপ হতে মন চায়। একদম পুরো দস্তুর এক খারাপ ছেলে। এত খারাপ যেন কেউ আমার কাছ থেকে ভাল কিছু আশা না করে।

বন্ধুরা অভিমান করে তাদের কেন খোঁজ নেই না। বাবা-মা, আত্মীয়-স্বজন তাদের একই অনুযোগ, শুভাকাঙ্ক্ষী তো দিন দিন কমতির পথে। আমার শ্রদ্ধেয় শিক্ষকরাও পর্যন্ত এই অভিযোগ করতে থাকে।
কাজের সূত্রে প্রতিদিন ২/১ জনের সাথে পরিচয় ঘটে। তাদের আথিতেয়তা আর ভালবাসায় প্রতিদিন ঋণী হচ্ছি- দিনকে দিনকে।তাদেরও ঠিক মতো খোঁজ নেয়া হয়ে ওঠে না।

আমি আসলে পেরে উঠিনা। আমার হয়তো ধ্যাতে নেই।আমি বেশ সম্পর্ক কানা। আমি কোন সম্পর্ক ধরে রাখতে পারি না বা মেইনটেইন করতে পারি না।
কিংবা আমি মানুষের ভালবাসার মুল্য দিতে পারি না। কত মানুষ ভালবাসার ঋণে আবদ্ধ করে রেখেছে।কিন্তু তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়ে ওঠে না। এই মুহূর্তে মনে পড়ছে তিন জন বন্ধুর মায়ের কথা- রাজু, জীবন আর সাগরের। তাদের তিন জনের সাথে আমার সম্পর্ক অল্প সময়ের। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই এই তিনজন অনেক আপন করে নিয়েছেন। কিন্তু আমি এক হতভাগা পালিয়ে বেড়াই তাদের ভালবাসার বাঁধন থেকে। অসম্ভব এক চুম্বকীয় শক্তি আকর্ষণ করি তাদের প্রতি। আবার ছুটে চলে আসি দূরে। কেন- তার উত্তর নেই। তবে সত্যি বলছি- আমিও আপনাদের খুব ভালবাসি এবং মিস করি। কিন্তু আপনাদের ভালবাসায় বিলীন হয়ে জাওয়ার ভয়ে হয়তো পালিয়ে বেড়াই নিজের থেকে আরো যোজন-যোজন দূরে।

অনেকটা কাঁকতলিয় ভাবে পরিচিত হয়েছিলাম একজন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার সাথে। তিনিও আমাকে বেশ ভালবাসলেন। আমি তাকে আমার এই 'সম্পর্ক-কানা' র কথা খোলাখুলি বললাম। তিনি আমাকে ভুল বুঝলেন। সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন। আমি হয়তো তাকে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম।

আমার সাথে খুব ভাল যোগাযোগ নেই আমার কর্মজীবনের শেষ তিন জন সুপারভাইজারের সাথে। হয়তো আমার দিক থেকে কোন ত্রুটি ছিল।তবে এতটুকু বলতে পারি- যখন একসাথে কাজ করতাম তখন কারোর সাথে সম্পর্কের অবনতি ঘটেনি।

আমি এক চরম 'সম্পর্ক-কানা'।
-ঝড়ের পাখি
৩-১৩-১৬